বাংলাদেশে বায়ুদূষণ নিরীক্ষায় জাপানের ৫ মিলিয়ন ডলারের সহায়তা
বাংলাদেশ ও জাপান বায়ু দূষণ পর্যবেক্ষণ সরঞ্জাম উন্নয়ন প্রকল্পে জাপানি অনুদান সহায়তা বিষয়ক ‘এক্সচেঞ্জ অব নোটস’ স্বাক্ষর করেছে। এ প্রকল্পের আওতায় জাপান ৮৩৫ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দেবে।
এই প্রকল্পের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে বায়ু দূষণ পর্যবেক্ষণের জন্য আধুনিক সরঞ্জাম স্থাপন করা হবে, যা বিশেষ করে যানবাহনের নির্গমন থেকে সৃষ্ট দূষণ পরিমাপ ও বিশ্লেষণ সক্ষমতা বৃদ্ধি করবে। এতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জাপানের সংসদীয় পররাষ্ট্র উপমন্ত্রী ইকুইনা আকিকো উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদীয় উপমন্ত্রী ইকুইনা বলেন, ‘কৌশলগত অংশীদারিত্বের’ অধীনে জাপান বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সহযোগিতা অব্যাহত রাখবে, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিতে অবদান রাখবে।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসানও উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে