বাংলাদেশ সংস্কার উদ্যোগে জাপানের সমর্থন অব্যাহত থাকবে
বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় জাপান তাদের সমর্থন অব্যাহত রাখবে এবং জাপানি বিনিয়োগকারীরা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বাংলাদেশের পাশে থাকবে।
বুধবার (১১ ডিসেম্বর) যমুনায় বিদায়ী সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত কিমিনোরি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘জাপান-বাংলাদেশ সম্পর্ক তিনটি স্তম্ভের ভিত্তিতে আরও জোরদার হবে— শান্তি ও স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ‘
‘আমরা এই তিনটি স্তম্ভের ভিত্তিতে বাংলাদেশের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব,’ বলেন কিমিনোরি।
তিনি অন্তর্বর্তী সরকারের নেয়া নির্বাচনি প্রক্রিয়া-সহ বিভিন্ন সংস্কার উদ্যোগে টোকিওর ‘শক্তিশালী সমর্থন’ পুনর্ব্যক্ত করেন।
অধ্যাপক ইউনূস বিদায়ী রাষ্ট্রদূতকে বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়নে তার অবদানের জন্য ধন্যবাদ জানান।
বাংলাদেশ-জাপান সম্পর্কের প্রশংসা করে অধ্যাপক ইউনূস বলেন, ‘এই সম্পর্ক সব সময়ই অত্যন্ত দৃঢ়।’
আরও জাপানি বিনিয়োগ আকর্ষণে তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম পরিচালনা করছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের উপস্থিতি আমাদের জন্য ইতিবাচক বার্তা দেয়।’
রাষ্ট্রদূত জানান, ‘জুলাই-আগস্টের গণআন্দোলনের পর কোনো জাপানি কোম্পানি বাংলাদেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয়নি এবং তারা বাংলাদেশে থাকতে আগ্রহী।’
রাষ্ট্রদূত কিমিনোরি জাপানের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এমন একটি বার্ষিক সম্মেলনে অধ্যাপক ইউনূসকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘ওই সম্মেলনে শীর্ষ জাপানি কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো সম্ভব।’
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘টোকিও এই সম্মেলনে দৃঢ় সমর্থন দেবে।’
প্রধান উপদেষ্টা আবারও মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান জানান, যেখানে বাস্তুচ্যুত জনগোষ্ঠী অস্থায়ীভাবে অবস্থান করতে পারবে এবং সংঘাত শেষ হলে তারা নিজ নিজ বাড়িতে ফিরতে পারবে।
সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মুরশেদ উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে