২০২৭ সালের এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান
বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের পথ আরও সম্প্রসারণে নতুন চুক্তি করেছে বাংলাদেশ ও জাপান। ‘ইএসডিপি-এমওসি’ নামের এ চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করবে জাপান। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য চুক্তিটি কার্যকর থাকবে। পরে স্বয়ংক্রিয়ভাবে এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়বে।
সোমবার (১৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, প্রায় এক বছরের আলোচনা ও প্রচেষ্টার পর গত ১৭ অক্টোবর দুই দেশের মধ্যে চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়।
চুক্তিটির পূর্ণ নাম ‘মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট’ (ইএসডিপি-এমওসি)। এর লক্ষ্য বাংলাদেশি কর্মীদের জন্য জাপানের শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্মী নিয়োগের ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার করা।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। জাপানের পক্ষে দেশটির বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন।
মতামত দিন