বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগ করবে জাপান
আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ১ ট্রিলিয়ন ইয়েনের বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা করতে যাচ্ছে জাপান। মার্কিন ডলারে যার পরিমাণ প্রায় ৬৩৫ কোটি। জাপানের অর্থনৈতিক দৈনিক নিক্কেই এশিয়ার প্রতিবেদনের বরাতে এ খবর জানা গেছে।
নিক্কেইয়ের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময় দুই দেশের সরকারপ্রধানের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ বিনিয়োগ উদ্যোগের কথা উল্লেখ করা হতে পারে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা আগামী ২৭ অক্টোবর। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফর করবেন। সফরে দুই দেশের বর্তমান কৌশলগত অংশীদারত্ব আরও উচ্চতর পর্যায়ে নেওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত এ বিনিয়োগের বড় অংশ যাবে যানবাহন (অটোমোবাইল) ও অন্যান্য শিল্প খাতে। পাশাপাশি জ্বালানি স্থাপনা নির্মাণেও অর্থ লগ্নি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যেসব জাপানি প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করতে যাচ্ছে, তারাও এ উদ্যোগের আওতায় আসবে। জাপানি বাণিজ্য প্রতিষ্ঠান সুমিটোমো কর্পোরেশনসহ একাধিক পক্ষ এ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে।
নিক্কেই আরও জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দেশটিতে চীনের প্রভাব কমানোও জাপানের লক্ষ্য। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতা খুঁজছে বাংলাদেশ। সফরকালে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ নিয়ে একটি সরকারি-বেসরকারি সংলাপের আয়োজনও রয়েছে।
দীর্ঘদিন ধরে উন্নয়ন সহায়তার মাধ্যমে বাংলাদেশের পাশে থেকেছে জাপান। এবার বেসরকারি খাতের পুঁজি নিয়ে এগিয়ে আসার আগ্রহ দেখাচ্ছে দেশটি। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ জাপানি পুঁজি আকর্ষণের নতুন সুযোগ পাবে, শিল্প উৎপাদন বাড়বে, উৎপাদনভিত্তি বহুমুখী হবে এবং জ্বালানি অবকাঠামো আরও শক্তিশালী হবে।
মতামত দিন