Views Bangladesh Logo

সানোর দুর্দান্ত গোলে পিছিয়ে বিরতিতে ব্রাজিল, চমকের পথে জাপান

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে উঠার ম্যাচে ব্রাজিলকে চাপে ফেলে বিরতিতে গেছে জাপান। হিউস্টনে প্রথমার্ধ শেষে কাইশু সানোর দুর্দান্ত গোলে ১–০ ব্যবধানে এগিয়ে আছে এশিয়ার দলটি।

ম্যাচের ২৯তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে অসাধারণ একক নৈপুণ্য দেখান কাইশু সানো। ব্রাজিলের একাধিক ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে কাটিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত কোণাকুণি শটে আলিসনকে পরাস্ত করেন তিনি। বুলেটগতির সেই শট জড়িয়ে যায় জালের বাঁ দিকের নিচের কোণায়। জাপানের জার্সিতে এটিই সানোর প্রথম আন্তর্জাতিক গোল, আর সেটিও এলো বিশ্বকাপের নকআউট মঞ্চে।

গোলটির পেছনে ব্রাজিলের ভুলও বড় কারণ হয়ে দাঁড়ায়। নিজেদের অর্ধে বলের নিয়ন্ত্রণ হারানোর সুযোগ কাজে লাগিয়ে প্রায় অর্ধেক মাঠ দৌড়ে এসে গোলটি করেন সানো। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় ব্রাজিল শিবির, আর উল্লাসে ফেটে পড়ে জাপানের খেলোয়াড় ও সমর্থকেরা।

গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণও অনেকটা নিজেদের হাতে তুলে নেয় জাপান। ছন্দময় ফুটবল খেলতে থাকা ব্লু সামুরাইদের বিপক্ষে প্রথমার্ধের শেষ সময়ে তেমন কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি ব্রাজিল। বরং কোনোভাবে আর গোল না খেয়ে বিরতিতে যাওয়াই ছিল কার্লো আনচেলত্তির দলের প্রধান লক্ষ্য।

এখন দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরানোর কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে। আর এই লিড ধরে রাখতে পারলে বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের খুব কাছাকাছি পৌঁছে যাবে জাপান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ