Views Bangladesh Logo

জ্বালানি খাতে বাংলাদেশকে ৩ হাজার ৮০০ কোটি টাকার ঋণ দিচ্ছে জাপান

বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার ও জ্বালানি খাতের সক্ষমতা বাড়াতে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) মধ্যে ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি জাপানি ইয়েনের একটি ঋণচুক্তি সই হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীতে মঙ্গলবার এক অনুষ্ঠানে ‘ইমার্জেন্সি সাপোর্ট লোন ফর এনহ্যান্সিং ইকোনমিক রেজিলিয়েন্স অ্যান্ড স্টেবল এনার্জি সাপ্লাই’ শীর্ষক এই ঋণচুক্তি সই হয়। চুক্তিতে সই করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেনটেটিভ তাকাহাশি জুনকো। একই অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে একটি নোট বিনিময় চুক্তিও সই হয়, যেখানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও ইআরডি সচিব সই করেন।

চুক্তির আওতায় পাওয়া ঋণ দেশের চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের সক্ষমতা জোরদারে ব্যয় করা হবে। জাপান সরকারের ‘পার্টনারশিপ অন ওয়াইড এনার্জি অ্যান্ড রিসোর্সেস রেজিলিয়েন্স এশিয়া (পাওয়ার এশিয়া)’ উদ্যোগের আওতায় এটি প্রথম সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) ঋণ।

ইআরডি সূত্রে জানা গেছে, কর্মসূচিটির মূল লক্ষ্য দুটি — বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন শক্তিশালী করা। এর আওতায় বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার উন্নয়ন, জ্বালানি উৎসের বহুমুখীকরণ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং উচ্চ দক্ষতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রগুলোর টেকসই পরিচালনায় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার উন্নত পরিকল্পনা ও জ্বালানি সাশ্রয় কার্যক্রমও জোরদার করা হবে।

এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহ-অর্থায়নে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন-সংক্রান্ত বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়নেও সহায়তা দেওয়া হবে। সরকারের আশা, এই সহায়তা দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালীকরণে ভূমিকা রাখবে। একই সঙ্গে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের পথে বাংলাদেশ ও জাপানের উন্নয়ন অংশীদারত্বও আরও জোরদার হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ