রোহিঙ্গাদের জন্য ৩.৫ মিলিয়ন ডলার সহায়তা জাপানের
রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজার ও ভাসানচরের স্থানীয় সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩ দশমিক ৫ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে জাপান সরকার। সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ঢাকাস্থ জাপান দূতাবাস।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং আইওএম বাংলাদেশের মিশন প্রধান ল্যান্স বোনো এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এই প্রকল্পের মাধ্যমে কক্সবাজার জেলা ও ভাসানচরের প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় সম্প্রদায় সহায়তা পাবে।
এই প্রকল্পের আওতায় ভাসানচরের রোহিঙ্গাদের জন্য সুরক্ষা, আশ্রয়, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, এলপিজি বিতরণ, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ এবং জীবিকা সহায়তা দেয়া হবে। এর পাশাপাশি কক্সবাজারের স্থানীয় সম্প্রদায় জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সুরক্ষা সেবা নিশ্চিত করা হবে।
জাপানের রাষ্ট্রদূত সাইদা আশা প্রকাশ করে বলেন, জাপান সরকারের সহায়তায় পরিচালিত এই প্রকল্প কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করবে।
তিনি আরও বলেন, ‘কক্সবাজার ক্যাম্পে আমার প্রথম সফরের পরপরই এই চুক্তি স্বাক্ষর করতে পেরে আমি আনন্দিত। এই ব্যাপক পরিকল্পনা উভয় অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে বলে আমি আশা করি।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে