Views Bangladesh Logo

মিতোমাকে ছাড়াই জাপানের বিশ্বকাপ দল ঘোষণা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল জাপান। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ব্রাইটনের তারকা উইঙ্গার কাওরু মিতোমা। তবে দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসু।

শুক্রবার (১৫ মে) টোকিওতে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন জাপানের কোচ হাজিমে মোরিয়াসু। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া এই দলে জায়গা করে নিয়েছেন অধিনায়ক ওয়াতারু এন্দো ও অভিজ্ঞ ফুলব্যাক ইউতো নাগাতোমো।

দীর্ঘ প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন তোমিয়াসু। সর্বশেষ ২০২৪ সালের জুনে সিরিয়ার বিপক্ষে জাপানের জার্সিতে খেলেছিলেন তিনি। গত বছর আর্সেনালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর বর্তমানে ডাচ ক্লাব আয়াক্সে খেলছেন এই সেন্ট্রাল ডিফেন্ডার।

এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক ওয়াতারু এন্দো। গত এপ্রিল মাসে গোড়ালির চোটে পড়লেও বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠেছেন এই মিডফিল্ডার। মাঝমাঠে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের ওপরই বড় ভরসা রাখছে জাপান।

তবে দল ঘোষণার দিনে কাওরু মিতোমার ছিটকে পড়ার খবরটি সবচেয়ে বড় দুঃসংবাদ হয়ে এসেছে। চলতি মাসে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ব্রাইটনের এই উইঙ্গার। ফলে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে জাপানকে। গত কয়েক বছরে জাতীয় দলের আক্রমণভাগে মিতোমার গতি ও ড্রিবলিং ছিল অন্যতম বড় অস্ত্র। ইনজুরি ও ফর্মহীনতার কারণে বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাকুমি মিনামিনোরও।

অভিজ্ঞতার বিচারে দলে সবচেয়ে এগিয়ে ইউতো নাগাতোমো। জাতীয় দলের হয়ে ১৪৪ ম্যাচ খেলা ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডার খেলতে যাচ্ছেন নিজের পঞ্চম বিশ্বকাপ। এছাড়া ইউরোপের বিভিন্ন লিগে খেলা আরও বেশ কয়েকজন পরিচিত মুখ জায়গা পেয়েছেন জাপানের চূড়ান্ত দলে।

উল্লেখ্য, এবার নিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপে খেলবে জাপান। সর্বশেষ দুই বিশ্বকাপে তারা শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল। ২০১৮ সালে বেলজিয়াম এবং ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে হেরে থেমে যায় তাদের পথচলা। কোচ হিসেবে হাজিমে মোরিয়াসুর এটি দ্বিতীয় বিশ্বকাপ।

বিশ্বকাপ দল
গোলকিপার: জায়ন সুজুকি, তোমোকি হায়াকাওয়া, কেইসুকে ওসাকো।

রক্ষণভাগ: ইউতো নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আইয়ুমু সেকো, ইয়ুকিনারি সুগাওয়ারা, জুনোসুকে সুজুকি।

মধ্যমাঠ ও আক্রমণভাগ: ওয়াতারু এন্দো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, রিতসু দোয়ান, আয়াসে উয়েদা, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সান্নো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি, কেন্টো শিগাই ও কেইসুকে গোতো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ