Views Bangladesh Logo

ভারতকে ভয় ধরিয়ে দিয়েছিল জাপান

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থানের ব্যবধান বিশাল। সেই ব্যবধানের ছিটেফোঁটাও দেখা গেল না মাঠে। বরং জাপানের বোলিংয়ে রীতিমতো চাপে পড়েছিল ভারত। শেষ পর্যন্ত ৫ ওভারের ম্যাচে জাপানকে মাত্র ২ রানে হারিয়েছে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত।

সানোতে আজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার মুখোমুখি হয় ভারত ও জাপান। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মাঠে গড়ানো ম্যাচটি শেষ পর্যন্ত পাঁচ ওভারে নামিয়ে আনা হয়।

৫ ওভারে ভারতের দেওয়া ৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে জাপান। ১ দশমিক ৪ ওভারে ৭ রানেই হারায় ২ উইকেট। ওপেনার লাচলান ইয়ামামোতো লেক ১ রান করে রানআউট হন। আর ওয়াশিংটন সুন্দর ফেরান ইব্রাহিম তাকাশিকে। ৩ বলে এক চারে ৪ রান করেন জাপানের এই টপ অর্ডার ব্যাটার।

তৃতীয় ওভারে রবি বিষ্ণুইয়ের কাছ থেকে ১০ রান তুলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় জাপান। ওই ওভারে একটি চার মারেন জাপানি অধিনায়ক কেন্ডাল কাদাওয়াকি ফ্লেমিং।

তবে চতুর্থ ওভারের শেষ বলে ১২ রান করে ফ্লেমিংকে ফিরিয়ে দেন ওয়াশিংটন। ৪ ওভার শেষে জাপানের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৫ রান। শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান।

ভারতের হয়ে শেষ ওভার করতে এসে প্রথম বলেই ডট দেন অক্ষর প্যাটেল। দ্বিতীয় বলে সিঙ্গেল নেন মিডল অর্ডার ব্যাটার বেঞ্জামিন ইতো ডেভিস। তৃতীয় বলে ওয়াইড দেন অক্ষর। পরের বলেও ওয়াইড দেন ভারতীয় বাঁহাতি স্পিনার। তবে আম্পায়ার পরে ওয়াইডের সংকেত প্রত্যাহার করে নেন।

একপর্যায়ে শেষ বলে জাপানের প্রয়োজন দাঁড়ায় ৪ রান। কিন্তু উইকেটরক্ষক ব্যাটার শিরাই পাতমোর স্লগ করেও নিতে পারেন মাত্র ১ রান। ৫ ওভারে জাপান থামে ৩০ রানে। ফলে ২ রানের রুদ্ধশ্বাস জয় পায় ভারত।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা তোলে ৩২ রান। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ১২ বলের ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে একটি চার।

বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে দফায় দফায় মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। শেষ পর্যন্ত বেলা ১টা ৫ মিনিটে খেলা শুরু হয় এবং ম্যাচটি পাঁচ ওভারে নামিয়ে আনা হয়।

১৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন আইয়ার। তবে ভারতের জয় যতটা স্বস্তির, তার চেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে জাপানের লড়াই। শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা দলটি শেষ বল পর্যন্ত ভারতকে চাপে রেখেছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ