রোহিঙ্গা ইস্যুতে জাপানের প্রতিনিধি দলের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর বৈঠক
কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এম ইকবাল হোসেইনের সঙ্গে বৈঠক করেন সফররত জাপানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি ও মানবিক সহায়তার নানা দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বলা হয়, বৈদেশিক সহায়তা ও অর্থায়ন কমে যাওয়ায় রোহিঙ্গাদের খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, আশ্রয় এবং সুরক্ষাসহ জরুরি সেবাগুলো চালিয়ে যাওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণে আন্তর্জাতিক অংশীদারদের কাছ থেকে পর্যাপ্ত, ধারাবাহিক ও দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করা জরুরি বলে মত দেওয়া হয়।
কক্সবাজার ও ভাসানচরে চলমান মানবিক কার্যক্রম যাতে অর্থসংকটের কারণে ব্যাহত না হয়, সে জন্য নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানানো হয়। রোহিঙ্গাদের জন্য পরিচালিত বিভিন্ন কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার পরিধি সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে জাপানি প্রতিনিধিদল।
রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের ক্ষেত্রে মিয়ানমারে তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনকেই প্রধান পথ হিসেবে বিবেচনা করা হয়। এ প্রক্রিয়া এগিয়ে নিতে আন্তর্জাতিক অঙ্গনে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার জন্য প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের মধ্যে আরও সমন্বিত ও কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। জাপানি প্রতিনিধিদলের পক্ষে ছিলেন সেন্টার ফর মেডিটেশন সাপোর্টের পরিচালক আকিও হোরিবা, নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের একান্ত সচিব এবং সংস্থাটির মহাব্যবস্থাপক শোতা নাকায়া।
মতামত দিন