রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের অভিনন্দন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে জাপান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে নতুন রাষ্ট্রপতি ও সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
রোববার (২৩ আগস্ট) ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় জাপান বলেছে, বাংলাদেশ আরও স্থিতিশীলতা ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার সময়ে দেশটির পাশে দৃঢ়ভাবে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে জাপান।
দূতাবাসের পোস্টে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে জাপানের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে নতুন রাষ্ট্রপতি ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা জানিয়েছে টোকিও।
জাপানের এ অভিনন্দনকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। অবকাঠামো, অর্থনীতি, উন্নয়ন সহযোগিতা ও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে।
এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের পক্ষ থেকে এরই মধ্যে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
মতামত দিন