খলিলুর রহমানকে জাপানের অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে জাপান।
জাপান দূতাবাস এক বার্তায় জানায়, সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে তারা আন্তরিক অভিনন্দন জানাচ্ছে এবং এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে।
বার্তায় আরও বলা হয়, জাতিসংঘসহ অন্যান্য বহুপাক্ষিক ফোরামে আরও ঘনিষ্ঠ সহযোগিতার মধ্য দিয়ে জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার অপেক্ষায় রয়েছে দেশটি।
উল্লেখ্য, মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিসকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
কাস্টিং হওয়া ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর পান ৯৯টি ভোট ও কাকোরিস পান ৯১টি ভোট। নির্বাচনে কোনো ভোট বাতিল হয়নি এবং কেউ ভোটদান থেকে বিরতও ছিলেন না।
আগামী সেপ্টেম্বর মাসে অধিবেশন শুরু হলে ড. খলিলুর ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বভার গ্রহণ করবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে