আজ শুভ জন্মাষ্টমী, রাজধানীসহ দেশজুড়ে নানা আয়োজন
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর)। ধর্মীয় আচার, প্রার্থনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে দিনটি উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন।
সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়। অন্যায়, অত্যাচার ও অসুর শক্তির বিনাশ এবং সত্য, ন্যায় ও মানবতার প্রতিষ্ঠার উদ্দেশ্যে তাঁর আবির্ভাব ঘটে। কংসের কারাগারে জন্ম নেওয়া শ্রীকৃষ্ণ পরবর্তী সময়ে অন্যায় ও অধর্মের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার প্রতীক হয়ে ওঠেন।
জন্মাষ্টমী উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি। দিবসটি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দির, মঠ ও ধর্মীয় প্রতিষ্ঠানে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, ধর্মীয় আলোচনা, পূজা ও প্রসাদ বিতরণ। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।
রাজধানীতে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব। প্রথম দিন ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে সকাল ৮টায় দেশ ও জাতির কল্যাণ কামনায় গীতাযজ্ঞ অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৩টায় পলাশীর মোড় থেকে বের হবে কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রা। শোভাযাত্রাটি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। রাতে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের বিশেষ পূজা। গীতাযজ্ঞ পরিচালনা করবে চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশন।
উৎসবের দ্বিতীয় দিন শনিবার বিকেল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনের এ আয়োজন শেষ হবে। এ ছাড়া আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) স্বামীবাগ আশ্রমেও জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আলোচনা সভা এবং দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।
রাজধানীর রমনা কালীমন্দির, মা আনন্দময়ী আশ্রম, রাজারবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান, মিরপুর কেন্দ্রীয় মন্দির, স্বামী ভোলানন্দ গিরি আশ্রম, প্রভু জগদ্বন্ধু মহাপ্রকাশ মঠ, ঠাটারিবাজার শিবমন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দিনটি উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানানো হয়েছে। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারাও দেশবাসীর শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেছেন।
মতামত দিন