সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন
সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ।
জানাজায় অংশ নিয়ে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অনেক অবদান রেখেছেন। এমন অবদানের জন্য চট্টগ্রামবাসী উনাকে সবসময় স্মরণে রাখবে।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বর্তমানে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি চট্টগ্রামের মিরসরাই আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন মেয়াদে গৃহায়ন ও গণপূর্ত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
লাহোরে ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় হন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে তিনি সম্মুখ সমরে সাহসিকতার পরিচয় দেন। এর আগে ১৯৭০ সালের নির্বাচনে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ২৭ অক্টোবর ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কারাগারে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২০২৫ সালের ৫ অগাস্ট আদালত থেকে জামিন জামিনে মুক্তি পান তিনি। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে আকাশপথে তার মরদেহ চট্টগ্রামে আনার পর দাফনের প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রামের বাড়ি মিরসরাইয়ে নিয়ে যাওয়া হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে