Views Bangladesh Logo

যমুনা রেল সেতুতে প্রথম পরীক্ষামূলক ট্রেন চলাচল

 VB  Desk

ভিবি ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যমুনা রেল সেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে দুটি পরীক্ষামূলক ট্রেন সফলভাবে সেতুটি অতিক্রম করে। প্রথম পর্যায়ে ট্রেনগুলো পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত এবং পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত ২০ কিলোমিটার গতিতে চলাচল করে। পরবর্তীতে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে ট্রেন পরীক্ষা চালানো হয়। তবে জানানো হয়েছে, সেতুটিতে ট্রেন সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে চলবে।

এর আগে, গত ২৬ নভেম্বর প্রথমবারের মতো একটি পরীক্ষামূলক ট্রেন সেতুটি অতিক্রম করে, তখন ট্রেনের সর্বোচ্চ গতি ছিল ৪০ কিলোমিটার।

যমুনা রেল সেতুর প্রধান সাইট প্রকৌশলী মো. মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা সবাই পূর্ণ গতির পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সত্যি বলতে, আমরা খুবই উচ্ছ্বসিত। আমাদের নিবেদিত দলের দীর্ঘ পরিশ্রমের পর প্রকল্পটি আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন সেতুতে দেশের সর্বোচ্চ গতির ট্রেন চলবে। এটি আমাদের জন্য একটি মাইলফলক।’

যমুনা রেল সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান বলেন, ‘দুই দিনের পরীক্ষামূলক চলাচল শেষে রিপোর্ট রেল মন্ত্রণালয়ে জমা দেয়া হবে। তারপর উদ্বোধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

২০২০ সালের আগস্ট মাসে ৯ হাজার ৭৩৪ দশমিক ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। পরবর্তী সময়ে এ ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকা। এর মধ্যে ১২ হাজার ১৪৯ দশমিক ২ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছেন। এই প্রকল্পের মূল নির্ধারিত সময় ছিল জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৩। কিন্তু প্রথম সংশোধনে এ সময়সীমা ডিসেম্বর ২০২৪ এ স্থানান্তরিত করা হয়।

এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়। এরপর গত ২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে প্রথম ট্রেন চলে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ