১৩ মাস পর উৎপাদনে যাচ্ছে যমুনা সার কারখানা
জামালপুরের তারাকান্দিতে দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘যমুনা সার কারখানা’য় দীর্ঘ ১৩ মাস পর গ্যাসের সংযোগ দেয়া হয়েছে। গ্যাস সংযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে ইউরিয়া উৎপাদনের কার্যক্রম শুরু হয় বলে কারখানাটির মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান।
দেলোয়ার হোসেন বলেন, ‘বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাসের সংযোগ এবং চাপ বাড়িয়ে দিলে উৎপাদনের কার্যক্রম শুরু হয়। তবে পুরোপুরি ইউরিয়া উৎপাদনে যেতে অন্তত ১০-১২ দিন সময় লাগবে।
তিনি জানান, দৈনিক ১ হাজার ৭০০ টন ক্ষমতাসম্পন্ন দানাদার ইউরিয়া উৎপাদনকারী এই কারখানায় প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।
গ্যাস সংকটে ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়।
দীর্ঘদিন পর উৎপাদনে ফেরায় খুশি যমুনা কারখানার শ্রমিক-কর্মচারী, পরিবহন শ্রমিক, সার ডিলার, কৃষকসহ কারখানা এলাকার সাধারণ মানুষ।
কারখানা সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। শুরুতে যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন সক্ষমতা ছিল ১ হাজার ৭০০ মেট্রিক টন। গ্যাসের চাপ কমে যাওয়ায় পরে তা ১ হাজার ৩০০ মেট্রিক টনে নেমে আসে।
যমুনা সার কারখানা থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ি ছাড়াও উত্তরবঙ্গের ১৬ জেলার প্রায় আড়াই হাজার ডিলার যমুনার সার উত্তোলন করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে