Views Bangladesh Logo

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩৯ লাখ টাকার টোল আদায়

ঈদকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ায় টাঙ্গাইল-যমুনা মহাসড়কে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ সংখ্যক যানবাহন সেতুটি পার হয়েছে।

এর মধ্যে ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা।

অপরদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এ পথে টোল আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে দুই পাশেই দুটি করে বুথ মোটরসাইকেল পারাপারের জন্য নির্ধারিত রয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে যমুনা সেতু চালুর পর থেকেই এখানে নিয়মিত টোল আদায় করা হচ্ছে। সাধারণ সময়ে প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতুটি পারাপার হয়।

তবে ঈদযাত্রার সময় এ সংখ্যা দ্বিগুণ বা কখনো তিনগুণ পর্যন্ত বেড়ে যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ