যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রতিবাদে জমিয়তের বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। এ সময় বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা রাশেদ ইলিয়াস এবং মুফতি ইমরানুল বারী সিরাজীসহ অন্য নেতারা।
বক্তারা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের অর্থনৈতিক স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ ক্ষুণ্ন হয়—এমন কোনো চুক্তি জনগণ মেনে নেবে না।
তারা সরকারের প্রতি সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান এবং দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা, ছাত্র-জনতা ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে