এবার একমঞ্চে সুরের ঝড় তুলবেন দুই বাংলার দুই রকস্টার
দুই বাংলার রক সংগীতের দুই মহিরুহ—নগর বাউল ব্যান্ডের জেমস এবং ফসিলস ব্যান্ডের রূপম ইসলাম। যখনই এই দুই তারকা এক মঞ্চে দাঁড়ান, তখনই তৈরি হয় নতুন ইতিহাস। আগে বাংলাদেশ ও ভারতে তাঁদের একসঙ্গে দেখা গেলেও, এবার তাঁরা প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মঞ্চে সুরের ঝড় তুলতে যাচ্ছেন।
আগামী ১২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লাইভ ইন সিডনি’ কনসার্ট। সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে এই মেগা ইভেন্টটির আয়োজন করছে ‘বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়া’।
আয়োজক প্রতিষ্ঠান এই কনসার্টকে বাংলা রকের ইতিহাসের অন্যতম মর্যাদাপূর্ণ ইভেন্ট হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, জেমস ও রূপমের এই উপস্থিতি অস্ট্রেলিয়ার মাটিতে এক ‘মাহেন্দ্রক্ষণ’ হয়ে থাকবে। কনসার্টে নিজ নিজ ব্যান্ডের সদস্যদের নিয়ে হাজির হবেন এই দুই শিল্পী। কৈশোরের স্মৃতি, প্রেম আর বিদ্রোহের গানগুলো এই মঞ্চে নতুন করে প্রাণ পাবে বলে আশা করছেন তাঁরা।
অস্ট্রেলিয়া সফর নিয়ে জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, কনসার্টের বিষয়ে আয়োজকদের সঙ্গে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়েছে। যদিও অনুষ্ঠানটি হতে আরও কিছুটা সময় বাকি, তবুও আয়োজকদের বর্ণাঢ্য পরিকল্পনা নিয়ে তারা আশাবাদী।
এদিকে নতুন গান প্রকাশ নিয়ে জেমস জানান, বেশ কিছু গানের কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলেই সেগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। তবে আপাতত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা সম্ভব নয়।
সম্প্রতি তিনি পাবনার এডওয়ার্ড কলেজে আয়োজিত ‘বৈশাখী কনসার্ট’ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে এবং যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে পারফর্ম করে দর্শকদের মাতিয়েছেন।
ওপার বাংলার জনপ্রিয় শিল্পী রূপম ইসলাম বর্তমানে তার নতুন বই ‘বাঘ ব্রহ্ম খেলা’র প্রচারণা এবং ব্যান্ডের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মাঝেই জেমসের সঙ্গে মঞ্চ শেয়ার করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সর্বশেষ ভারতে ‘পুজোওয়ালাদের গান’ কনসার্টে তাদের এক মঞ্চে পারফর্ম করার স্মৃতি ভক্তদের মাঝে এখনও অমলিন।
রূপম আশা করছেন, সিডনির কনসার্টটিও একইভাবে স্মরণীয় হয়ে থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে