২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী হামেসের অবসরের ঘোষণা
ব্রাজিল বিশ্বকাপের সেই ঝলমলে দিনগুলো এখন কেবলই স্মৃতি। কলম্বিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম বড় তারকা হামেস রদ্রিগেজ এবার জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে মঙ্গলবার কলম্বিয়াকে বিদায় জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় বিদায়ের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হামেস। চোখে পানি নিয়ে তিনি বলেন, ‘আমি শান্তি নিয়েই বিদায় নিচ্ছি, কারণ আমি জানি, আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি।’
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেই হামেস নিজেকে বিশ্ব ফুটবলের বড় মঞ্চে নতুন করে পরিচিত করান। সেই আসরে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল কলম্বিয়া। দলের সেই ঐতিহাসিক যাত্রায় সবচেয়ে উজ্জ্বল মুখ ছিলেন হামেস।
ছয় ম্যাচে ছয় গোল করে ওই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। হাতে ওঠে গোল্ডেন বুট। বিশেষ করে উরুগুয়ের বিপক্ষে তার করা গোলটি বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে আছে। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে অল্প সময়ের মধ্যেই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকায় পরিণত হন এই মিডফিল্ডার।
এরপর ক্লাব ফুটবলে হামেসের পথচলা অবশ্য সবসময় মসৃণ ছিল না। বিভিন্ন সময়ে একাধিক ক্লাবে খেললেও প্রত্যাশিত ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পারেননি তিনি। তবে কলম্বিয়া জাতীয় দলে তার গুরুত্ব দীর্ঘদিনই অটুট ছিল। দুই বছর আগে কোপা আমেরিকার ফাইনালে ওঠা দলটিরও অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হামেস।
এবারের বিশ্বকাপ অবশ্য তার জন্য হয়ে উঠেছিল ভিন্ন এক অভিজ্ঞতা। গোলের দেখা পাননি তিনি। দলের সতীর্থ ও বায়ার্ন মিউনিখের তারকা লুইস দিয়াজের দুর্দান্ত পারফরম্যান্সের আড়ালে অনেকটাই ঢাকা পড়ে যায় হামেসের উপস্থিতি।
জাতীয় দলকে বিদায় জানানোর মাত্র এক সপ্তাহ আগে কলম্বিয়ার ক্লাব অ্যাতলেতিকো নাসিওনালে যোগ দিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে এখনো তার পথচলা অব্যাহত থাকছে।
মতামত দিন