ভিয়েতনাম পৌঁছেছেন জামাল-শমিতরা
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। গতকাল রাতে রওনা হওয়া দলটি শনিবার সকালে হ্যানয় পৌঁছেছে।
প্রীতি ম্যাচে বাংলাদেশ স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে ২৬ মার্চ। তার পর ৩১ মার্চ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্রুপ সি-র ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে তারা।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভিয়েতনাম ও সিঙ্গাপুর। ভিয়েতনামের অবস্থান ১০৮, সিঙ্গাপুর ১৪৮। বাংলাদেশ রয়েছে ১৮০তম স্থানে।
ভিয়েতনাম সফরের আগে প্রাথমিক ২৮ সদস্যের দল থেকে ৬ জনকে বাদ দিয়ে স্কোয়াড চূড়ান্ত করেছে বাংলাদেশ। প্রাথমিক দল ঘোষণার পর গত এক সপ্তাহ ধরে ঢাকায় ক্যাম্পে অনুশীলন করেছেন ২৮ জন ফুটবলার। চূড়ান্ত স্কোয়াডে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভিয়েতনামে গিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে