Views Bangladesh Logo

গণ অধিকার কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির: সংবাদ সম্মেলনে অভিযোগ

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন। রোববার রাতে কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ।

লিখিত বক্তব্যে তৌকির আহমেদ বলেন, শনিবার বিকেলে শহরের ছয় রাস্তার মোড়ে তাঁদের পূর্বঘোষিত সমাবেশ চলছিল। সমাপনী বক্তব্যের শেষ মুহূর্তে সংসদ সদস্য আমির হামজা ও আশপাশের জামায়াত-শিবিরের কর্মীরা অতর্কিত হামলা চালান। হামলায় এক কর্মীর দুই পায়ের রগ কেটে যায়, আরেক নেতার নাকের হাড় ভেঙে ও কপাল ফেটে যায়। এছাড়া আরও অনেক নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, হামলার পর জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবদুল খালেকের ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়। সেখানে নগদ টাকা, মালামাল ও বিভিন্ন ইলেকট্রনিক পণ্য নষ্ট করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আমির হামজার বিরুদ্ধে সমাবেশ চলাকালে তিনি কেন গাড়ি নিয়ে ওই পথ দিয়ে গিয়েছিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তৌকির আহমেদ। তাঁর ভাষ্য, আমির হামজা অন্য রাস্তা দিয়ে বাড়ি যেতে পারতেন, কিন্তু সমাবেশের সামনে গাড়ি থামানো থেকেই তাঁর ‘দুরভিসন্ধি’ ছিল।

সংবাদ সম্মেলনে আমির হামজার বক্তব্যেরও জবাব দেন তৌকির আহমেদ। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ইট দিয়ে প্রথম আঘাত করার অভিযোগ করা হয়েছে। যদি এর কোনো ছবি বা ভিডিও দেখাতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দেব। আর প্রমাণ দিতে না পারলে আমির হামজাকেই ক্ষমা চাইতে হবে।’

গণ অধিকার পরিষদ জানিয়েছে, আহত কয়েকজন নেতা-কর্মী ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং এ ঘটনায় থানায় একটি এজাহার জমা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে দলের খুলনা বিভাগীয় মুখ্য সমন্বয়ক শাকিল আহমেদ (তিয়াস), জেলা ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলামসহ জেলা ও ছাত্র পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ