Views Bangladesh Logo

৫ আগস্ট রাজধানীতে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনের সামনে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এর আগে একই স্থানে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ জানান, ২৫ জুলাই সিলেট বিভাগীয় সমাবেশের মাধ্যমে আগের কর্মসূচি শেষ হয়েছে। নতুন কর্মসূচি চূড়ান্ত করতে আগামী ৩ আগস্ট জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে এলডিপি, জাগপা, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বিডিপির নেতারা উপস্থিত ছিলেন। তবে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেননি।

বৈঠকে সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিকে কেন্দ্র করে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, রাজনৈতিক মতভেদ মোকাবিলায় সহিংসতার পথ বেছে নেওয়া অনাকাঙ্ক্ষিত এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।

তিনি আরও অভিযোগ করেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং বিরোধী রাজনৈতিক কর্মসূচি দমনে সহিংস পরিবেশ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ