লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ১০
লক্ষ্মীপুরে কয়েকটি ভোটকেন্দ্রে জামায়াত ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর-৩ আসনের পৌর শহীদ স্মৃতি একাডেমি, বড়ালিয়া উচ্চবিদ্যালয়, মেঘনা বাজারের পাশে এবং ভবানীগঞ্জে এসব ঘটনা ঘটে। এছাড়া লক্ষ্মীপুর-২ আসনের বিজয়নগর উচ্চবিদ্যালয় ও হাসন্দি এলাকায়ও বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা দেখা গেছে।
লক্ষ্মীপুর-৩ সদর আসনের জামায়াতের প্রার্থী ড. রেজাউল করিম অভিযোগ করেছেন, বিএনপির সন্ত্রাসীরা কয়েকটি কেন্দ্রে ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে এবং হামলা চালাচ্ছে। প্রশাসনকে জানানো হলেও এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
অন্যদিকে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জামায়াতের প্রার্থীর সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে বিএনপির লোকজনের ওপর হামলা করছে। তবে তার বক্তব্য অনুযায়ী এখনও পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানিয়েছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া চারটি আসনের ৪৯৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে। নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী, র্যাব, বিজিবি, আনসারসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে