Views Bangladesh Logo

সাতক্ষীরার চার আসনেই জামায়াতের জয়

দীর্ঘ ১৭ বছর পর সাতক্ষীরা জেলায় উল্লেখযোগ্য রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনেই দলটির মনোনীত প্রার্থীরা বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। বিএনপি ও জামায়াতের দ্বিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত ১১-দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীরাই এগিয়ে থাকেন।

বেসরকারি ফল অনুযায়ী, সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে মুহাদ্দিস রবিউল বাসার এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) আসনে জি এম নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের দিন সকাল থেকেই জেলার ৬০৯টি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রায় ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন ভোটার অধ্যুষিত এ জেলায় দীর্ঘদিন পর অংশগ্রহণমূলক পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

ফলাফল ঘোষণার পর জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রচলিত বিজয় মিছিল বা স্লোগানের পরিবর্তে ভিন্ন চিত্র দেখা যায়। দলীয় নির্দেশনা অনুযায়ী প্রকাশ্যে উদযাপন না করে বিভিন্ন স্থানে শোকরানা আদায় করতে দেখা গেছে তাদের।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাতক্ষীরা দীর্ঘদিন ধরেই জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জেলায় দলটির সাফল্যের নজির রয়েছে। দীর্ঘ বিরতির পর এবারের নির্বাচনে সংগঠিত প্রচারণা, তৃণমূলভিত্তিক সক্রিয়তা এবং কৌশলগত অবস্থানের ফলেই চারটি আসনে জয় এসেছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ