ভোটের রায় নিয়ে ষড়যন্ত্র হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
জনগণের দেওয়া ভোটের রায় প্রকাশে ষড়যন্ত্র বন্ধ না হলে এবং ‘পুরানো ফ্যাসিবাদ’ ফিরিয়ে আনার চেষ্টা করা হলে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট কঠোর আন্দোলনে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে তিনি এ মন্তব্য করেন।
এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, ফলাফল গণনা কার্যক্রম অস্বাভাবিকভাবে বিলম্ব করা হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তারা ফলাফল পরিবর্তন করেছেন। তার দাবি, বিশেষ একটি দলকে সুবিধা দিতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “যদি জনতার রায় নিয়ে তালবাহানা হয় তাহলে দুর্বার প্রতিরোধ করা হবে। এই ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে অচিরেই।”
এ সময় তিনি আরও জানান, নির্বাচন কমিশনের বক্তব্য শোনার পর পরবর্তী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে