ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ টাকাসহ জামায়াতের ওয়ার্ড সভাপতি আটক
চুয়াডাঙ্গা পৌর এলাকার রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শরীফ হাসানকে (৫৫) নগদ টাকাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নেজারত শাখার ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক শরীফ হাসানের কাছ থেকে নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ হাসান কেন্দ্রের সামনে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন। স্থানীয়দের নজরে এলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাকে আটক করে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ জানান, শরীফ হাসান প্রাথমিকভাবে টাকা রাখার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) সহিদুর রহমান বলেন, আটক ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে