Views Bangladesh Logo

অবিলম্বে ইরানে হামলা বন্ধ না হলে জামায়াত বড় কর্মসূচি করবে: এটিএম আজহারুল

জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা বন্ধ না হলে দলটি বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। তিনি জানান, ইরানের পরিস্থিতি ও সেখানের ক্ষতির প্রেক্ষিতে জামাতের পক্ষ থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে।

রবিবার (১ মার্চ) দুপুরে বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এটিএম আজহারুল বলেন, 'ইসরায়েল, কয়েক বছর আগে আপনি অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। তখন দেশ-বিদেশের মানুষ আপনাদের পণ্য বর্জন করেছিল। আবার জনগণ পণ্য বর্জন করলে আপনার ব্যবসা চলবে না। আমাদের জনগণকে বাধ্য করবেন না। অবিলম্বে ইরানের ওপর আক্রমণ বন্ধ করুন, তাহলে জনগণই সঠিক জবাব দেবে।'

এছাড়া তিনি জাতিসংঘ ও ওআইসিকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, 'আজকের জাতিসংঘ কয়েকটি দেশের তাবেদার শক্তি হিসেবে কাজ করছে। তারা শান্তিপ্রিয় দেশগুলোর পক্ষে আসে না। যদি তারা দায়িত্ব পালনে এগোত, তাহলে মানুষ একদিন বলবে, জাতিসংঘের কোনো প্রয়োজন নেই।'

এটিএম আজহার আরও মন্তব্য করেন, 'মুসলিম বিশ্বের দেশগুলো নিয়ে গঠিত ওআইসি যথাযথ ভূমিকা নিতে পারছে না। ওআইসিকে মুসলিম বিশ্বের দায়িত্বশীল সংস্থা হিসেবে দায়িত্ব পালন করতে হবে, তা না হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা দীর্ঘদিন চললে সেখানের মানুষ নয়, বাংলাদেশসহ অনেক দেশ ক্ষতিগ্রস্ত হবে। পণ্যের দাম ও তেলের মূল্য বেড়ে যাবে, যা সাধারণ মানুষের জীবনযাপন কঠিন করে দেবে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ