জাতীয় ঐক্য সৃষ্টিতে বিএনপির দাবির সঙ্গে একমত জামায়াত
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টির ব্যাপারে বিএনপি যে দাবি জানিয়েছে তার সঙ্গে একমত পোষণ করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে দলটির আমির ডা. শফিকুর রহমান এ কথা জানান।
এর আগে জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে চার নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করেন।
গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জাতীয় ঐক্যের কথা বলেন।
সাংবাদিকদের তিনি বলেছিলেন, জাতীয় ঐক্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য, বিশেষ করে যারা বাংলাদেশে স্বাধীনতা ও সার্বোভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় অথবা স্ট্যাবিলিটি বিনষ্ট করতে চায় তাদের প্রতিহত ও প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই কথাগুলো আমরা বলে এসেছি।
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর আমিরও একই ধরনের কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, জাতীয় ঐক্যর কথা অবশ্যই এসেছে। উদ্বেগ নিয়ে আজ আমরা আলোচনা করেছি। সেই উদ্বেগ ওই অর্থে নয় যে দেশ মনে হয় গোল্লায় গেছে। বিষয় হচ্ছে আমাদের দেশে শান্তিশৃঙ্খলা কারা বিঘ্নিত করছে সেটা চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমের মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। আগামীতে দেশে কীভাবে শান্তি-শৃঙ্খলার সাথে থেকে একটা কার্যক্রমের মাধ্যমে নির্বাচনের দিকে আগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। দেশে আমাদের সবার, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য কীভাবে করা যায়, প্রশাসনে কীভাবে গতি আনা যায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে