জামায়াতের এমপি যেখানে, সেখানেই সারের কৃত্রিম সংকট: শাহে আলম
সরকারকে হেয় প্রতিপন্ন করতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন—এমন এলাকাগুলোতে পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারের সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহে আলম বলেন, সার নিয়ে সংকট আছে বলে আমি মনে করি না। কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর ও নড়াইলসহ যেসব এলাকায় জামায়াতের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকাতেই কৃত্রিমভাবে সারের সংকট দেখানো হচ্ছে।
তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ এবং বগুড়া, রাজশাহী, পাবনা, নাটোর, কুমিল্লা, সিলেট ও বরিশাল এলাকায় সারের সংকট নেই। মাত্র ১০ থেকে ১১টি জেলায় এ ধরনের সংকটের কথা বলা হচ্ছে।
সরকারকে হেয় করার উদ্দেশ্যে রাজনৈতিক কর্মীদের দিয়ে হইচই করিয়ে কৃত্রিম সারের সংকট তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন শাহে আলম। পরিস্থিতি মোকাবিলায় বিদ্যমান ডিলারদের পাশাপাশি নতুন ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
নিজের নির্বাচনী এলাকায় ভবিষ্যতে সারের সংকট যাতে না হয়, সে বিষয়ে নিজেই নজরদারি করার কথা জানিয়ে শাহে আলম বলেন, প্রয়োজনে তিনি ডিলারদের গুদাম পরিদর্শন করে সার মজুত আছে কি না এবং কৃষকদের মধ্যে তা বিতরণ করা হচ্ছে কি না, তা দেখবেন।
বিরোধী দলের কর্মসূচি নিয়েও মন্তব্য করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিএনপি সরকার জনগণের জন্য যেসব কর্মসূচি মাঠে নিয়ে আসছে, সেগুলো বাধাগ্রস্ত করা, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং বাইরের কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে বিরোধীরা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে শাহে আলম বলেন, বিশ্বের বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম বাড়ানো হয়েছে। আগের দামে তেল ভারতে পাচার হয়ে যাচ্ছিল। তবে বাংলাদেশের দাম এখনো ভারতের দামের সমান হয়নি। বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও দাম সমন্বয় করে কমানো হবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
বিদ্যুতের দাম সমন্বয়ের ক্ষেত্রেও সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান শাহে আলম। তার দাবি, আগের সরকারের সময় বিদ্যুৎ খাতে যে অব্যবস্থাপনা ছিল, সেটির পর বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। ফলে সবকিছু ঠিক করতে সময় প্রয়োজন।
মতামত দিন