Views Bangladesh Logo

রাজশাহীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে জামায়াত এমপির ‘না’

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের বিরুদ্ধে মহান বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গীতা পাঠ না করার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী অনুষ্ঠান সম্পন্ন করেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।

ইউএনও জানান, কয়েকদিন আগে মোবাইল ফোনে এমপি তাকে কেবল কোরআন তিলাওয়াতের নির্দেশ দেন এবং গীতা পাঠ না করার কথা বলেন। বিষয়টি তিনি সাংবাদিকদেরও নিশ্চিত করেছেন।

এর আগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে তানোর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় বিষয়টি উত্থাপন করেন ইউএনও। সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।

এ সময় ইউএনও জানতে চান, এমপির নির্দেশনা অনুযায়ী গীতা পাঠ বন্ধ রাখা হবে কি না। জবাবে উপজেলা জামায়াত আমির বলেন, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী অনুষ্ঠান পরিচালনা করতে।

পরদিন ২৬ মার্চের অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও অনুষ্ঠিত হয়।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন বলেন, এমপি ধর্মীয় অনুষ্ঠানের প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে নিষেধাজ্ঞা দেননি।

এ বিষয়ে এমপি অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

অন্যদিকে ইউএনও নাঈমা খান বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠান রাষ্ট্রীয় বিধি অনুযায়ীই পালন করা হয়েছে। তাই কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠের মাধ্যমেই স্বাধীনতা দিবসের কর্মসূচি সম্পন্ন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ