অনুদানের তালিকায় জামায়াতের এমপি বাচ্চুর মেয়ের নাম
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকায় তার নিজের মেয়ের নাম অন্তর্ভুক্ত হওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে তিনি দাবি করেছেন, তিনি তালিকাটি দেখার সুযোগ পাননি এবং এটি তার ব্যক্তিগত সহকারী (পিএস) প্রস্তুত করে জমা দিয়েছেন।
জাতীয় সংসদ সচিবালয় গত ১৮ জুন ২০২৫-২৬ অর্থবছরের (১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত) জন্য এমপি আতাউর রহমান বাচ্চুর অনুকূলে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা ঐচ্ছিক তহবিল বরাদ্দ দেয়। পরে সেই অর্থ বিতরণের জন্য উপকারভোগীদের একটি তালিকা অনুমোদন করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, নড়াইল সদর উপজেলায় ১০ জনের জন্য ৮০ হাজার টাকা এবং লোহাগড়া উপজেলায় ১১ জনের জন্য ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সদর উপজেলার তালিকায় হবোখালী ইউনিয়নের বাসিন্দা ফাইজা (পিতা: মো. বাচ্চু) এবং ফাইজা (পিতা: মো. আতাউর) নামে দুই ব্যক্তির নাম রয়েছে। তাদের প্রত্যেকের জন্য ১০ হাজার টাকা করে অনুদান বরাদ্দ দেখানো হয়েছে। সংসদ সদস্যের মেয়ের নামও ফাইজা হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে এমপি আতাউর রহমান বাচ্চু বলেন, একজন সংসদ সদস্য বছরে জনকল্যাণমূলক কাজের জন্য ৫ লাখ টাকা পর্যন্ত ঐচ্ছিক তহবিল পান। তিনি শপথ নেওয়ার পর চলতি অর্থবছরে পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা।
তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে তালিকা জমা দেওয়ার জন্য তার ব্যক্তিগত সহকারী বিভিন্ন ইউনিয়ন থেকে নাম সংগ্রহ করে সংসদ সচিবালয়ে পাঠান।
বাচ্চু বলেন, আমি এলাকায় ব্যস্ত ছিলাম। পিএস ফোন করে জানায়, সেদিনই তালিকা জমা দিতে হবে। আমি তাকে বলি, ইউনিয়নগুলো থেকে তালিকা নিয়ে জমা দিতে। পরে কী নাম দেওয়া হয়েছে, তা দেখার সুযোগও আমার হয়নি।
মতামত দিন