দরিদ্রদের চালের ভাগ না পেয়ে ইউপি সদস্যদের ওপর জামায়াত নেতাদের হামলা
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে ইউপি সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্যরা।
অভিযোগ রয়েছে, ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বরাদ্দ ভিজিএফের চালের ভাগ দাবি করেন জামায়াতের নেতা-কর্মীরা। দাবি পূরণ না হওয়ায় তারা ইউপি সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ।
ষোলটাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুন বলেন, সরকার দরিদ্র মানুষের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। জামায়াতের নেতা-কর্মীরা সেই চালের ভাগ দাবি করলে তা না দেওয়ায় তারা ইউপি সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালান। পরে স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে তাঁরা চলে যান।
ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সুজাউদ্দিন বলেন, ‘দুস্থদের জন্য বরাদ্দ চাল জামায়াত নেতাদের না দেওয়ার কারণেই তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের লোকজন সেখানে গিয়ে বলেছে, যারা প্রকৃতপক্ষে চাল পাওয়ার যোগ্য তাদের যেন দেওয়া হয়। হতদরিদ্ররা যাতে চাল পায়, সেটাই আমরা চাই। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে