ভিডিও ভাইরালের পর জামায়াত নেতা শাহাজাহান চৌধুরীকে শোকজ
একটি প্রীতিভোজ অনুষ্ঠানে প্রকাশ্যে নির্দিষ্ট প্রতীকে ভোট প্রার্থনার অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহাজাহান চৌধুরীকে শোকজ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) আসনটির দায়িত্বপ্রাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ ইলেক্ট্রোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ (যুগ্ম জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম) নির্বাচন-পূর্ব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ শোকজ নোটিশ দেন।
অভিযোগে বলা হয়, লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠানে বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. জসিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন।
ওই সময় তিনি জামায়াত প্রার্থী শাহাজাহান চৌধুরীর পক্ষে ভোট চান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী নির্বাচন কমিশনারের কাছে বিষয়টি লিখিত অভিযোগ হিসেবে জমা দেন।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, প্রতীক বরাদ্দের আগেই এ ধরনের নির্বাচনী বক্তব্য দেওয়া এবং নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়া রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ বিধির পরিপন্থি, যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের শামিল।
নোটিশে আগামী ১৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম-১৫ আসনের ইলেক্ট্রোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে শাহাজাহান চৌধুরীকে নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে