Views Bangladesh Logo

রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক

রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নে নয় বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শুক্রবার বিকেলে পাকারমাথা এলাকা থেকে অভিযুক্ত ওমর ফারুককে আটক করা হয়। তিনি বড়গাছী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতের রোকন এবং পেশায় গ্রাম্য চিকিৎসক। নিজ বাড়ির ফার্মেসির পাশাপাশি স্ত্রীকে নিয়ে শিশুদের প্রাইভেট পড়াতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ২২ দিন আগে শিশুটি পড়তে গেলে একপর্যায়ে অন্য শিক্ষার্থীদের বিদায় করে দিয়ে তাকে একা পেয়ে অনৈতিক স্পর্শ করার অভিযোগ ওঠে ওমর ফারুকের বিরুদ্ধে। বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি করে মায়ের কাছে ঘটনার কথা জানায়।

ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করেন, ‘বিষয়টি অভিযুক্তের বাবা মজিবুর রহমানকে জানানো হলেও তিনি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ দেন। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

তবে ওমর ফারুক অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ঘটনার দিন তিনি শুধু শিশুটিকে পড়াচ্ছিলেন, কোনো ধরনের অনৈতিক আচরণ করেননি। তার বাবা মজিবুর রহমানও অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

জামায়াতে ইসলামীর বড়গাছী ইউনিয়নের আমির আব্দুর রহমান মিলন বলেন, বিষয়টি সংগঠনের নজরে এসেছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, শিশুকে যৌন হয়রানির অভিযোগে ওমর ফারুককে আটক করা হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ