Views Bangladesh Logo

সরকারি বাইসাইকেল নাতনিকে উপহার, সমালোচনার মুখে ফেরত দিলেন জামায়াত নেতা

ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি বরাদ্দে কেনা একটি বাইসাইকেল নিজের নাতনিকে উপহার দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে তিনি সাইকেলটি উপজেলা প্রশাসনের কাছে ফেরত দিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) ২০২৫–২৬ অর্থবছরের আওতায় সরকারি বরাদ্দে কেনা ২৪টি বাইসাইকেলসহ ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইলচেয়ার উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়।

অভিযোগ অনুযায়ী, একটি বাইসাইকেল মাদ্রাসাছাত্র সাইমুনের নামে বরাদ্দ দেখিয়ে মাওলানা তাজুল ইসলাম নিজেই স্বাক্ষর করে সেটি গ্রহণ করেন। পরে তিনি বাইসাইকেলটি তার নাতনি মারিয়াকে উপহার দেন।

এ ঘটনার স্বাক্ষর করার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে বুধবার দুপুরে তিনি কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বাইসাইকেলটি ফেরত দেন।

প্রথমে তাজুল ইসলাম দাবি করেন, সাইকেলটি তার প্রতিবেশী এক ছেলেকে দেওয়া হয়েছিল। তবে পরে তিনি বক্তব্য পরিবর্তন করে স্বীকার করেন, তার ছেলে বেকার ও আর্থিক সংকটে থাকায় সাইকেলটি নাতনিকে দেওয়া হয়েছিল।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইকেল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ ওঠার পর স্থানীয় সংসদ সদস্যের পরামর্শে সাইকেলটি ফেরত নেওয়া হয়েছে। পরে সেটি নতুন করে সুমাইয়া খাতুন নামে এক উপকারভোগীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, শুধু বাইসাইকেল নয়, সেলাই মেশিন, ছাগল, স্প্রে মেশিনসহ অন্যান্য উপকরণ বিতরণেও কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ