Views Bangladesh Logo

মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে স্থানীয়দের মাধ্যমে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ তাকে হেফাজতে নেয়।

আটক হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, দুপুরে তিনি ব্যক্তিগত গাড়িতে ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়, যার ভেতরে পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা এক হাজার টাকার নোটের দুটি বান্ডিল পাওয়া যায়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টাকা বিতরণের সময় তাকে হাতেনাতে ধরা হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখবেন।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে অবগত নন, খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ