Views Bangladesh Logo

গৃহবধূকে জামায়াত নেতার ‘কুপ্রস্তাব’, স্থানীয়দের মারধর

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক জামায়াত নেতাকে মারধর করেছেন স্থানীয়রা।  বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ফারুক হোসেন প্যাদা দাসপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।

স্থানীয়রা জানান, এক গৃহবধূকে কুপ্রস্তাবের অভিযোগে স্থানীয়রা ফারুক হোসেনকে আটক করে মারধর করেন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ফারুক হোসেন। তিনি বলেন, স্থানীয় সাইদুল, পারভেজসহ মৃধা বাড়ির ৪ থেকে ৫ জন তাকে মারধর করেছেন। এ সময় তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ফারুকের দাবি, আগে থেকেই তাদের সঙ্গে তার বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে তার বিরুদ্ধে ওই নারীর সঙ্গে সম্পর্কের গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, তারা আমাকে কোথাও হাতেনাতে ধরতে পারেনি। এরপরও ওই অভিযোগ তুলে আমাকে মারধর করেছে।

অন্যদিকে, ওই গৃহবধূর শাশুড়ি জাহানারা বেগম অভিযোগ করেছেন, ফারুক দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে বিরক্ত করতেন। বিভিন্নভাবে টাকা-পয়সার প্রলোভন দেখাতেন এবং তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন।

তিনি দাবি করেন, এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছে। এরপরও ফারুক তার পুত্রবধূকে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ