তাবিজ দেওয়ার কথা বলে নারীকে ঘরে ডেকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার জামায়াত নেতা
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় তাবিজ দেওয়ার কথা বলে এক নারীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহসিন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান মাহাবুব মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। তিনি উত্তর চৈতা গ্রামের মৃত জয়নাল মৌলভীর ছেলে। বাড়ির পাশে একটি ফার্মেসি পরিচালনার পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন।
ভুক্তভোগী নারীর অভিযোগে জানা যায়, তার ভাইয়ের ছেলেকে তাবিজ দেওয়ার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যার পর মাহাবুব তাকে নিজের বাড়িতে ডাকেন। সেখানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ওই নারী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে পারিবারিক সমস্যার কারণে ওই নারীর সঙ্গে মাহাবুবের পরিচয় হয়। এরপর বিভিন্ন সময় তাবিজ নেওয়ার জন্য তিনি মাহাবুবের কাছে যেতেন। ঘটনার দিন সকালে মাহাবুব তার স্ত্রী ও সন্তানদের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন। পরে সন্ধ্যায় ওই নারীকে বাড়িতে ডেকে আনেন। প্রায় দুই ঘণ্টা তারা ঘরের ভেতরে ছিলেন। একপর্যায়ে ঘর থেকে নারীর চিৎকার শুনে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহাবুবকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ভুক্তভোগী নারীর করা ধর্ষণচেষ্টার মামলায় মো. মোস্তাফিজুর রহমান মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মতামত দিন