Views Bangladesh Logo

সিলেটে সরকারি সড়কের ইট চুরির দায়ে যুব জামায়াত নেতাসহ আটক ৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের সড়ক থেকে ইট তুলে নেওয়ার ঘটনায় অবশেষে প্রশাসনের টনক নড়েছে। এ ঘটনায় উপজেলা যুব জামায়াতের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সি বাজার এলাকায় অভিযান চালিয়ে কয়েক লাখ ইট উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে আটককৃতদের মধ্যে জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরীও রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি সড়কের ইট সরিয়ে নেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অভিযুক্ত মাহফুজুল ইসলাম চৌধুরী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সরব ছিলেন। এলাকাবাসীর ভাষ্যমতে, সম্প্রতি তাকে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গেও দেখা গেছে। তবে তার নিজ বাড়ি থেকেই সরকারি ইট উদ্ধারের ঘটনায় এলাকায় নতুন করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই একে ‘বাতির নিচে অন্ধকার’ বলে মন্তব্য করছেন।

জানা গেছে, ২০২১ সালের দিকে কসকনকপুর ইউনিয়নের মুন্সি বাজার মাদরাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক 'হেরিংবোন বন্ড' পদ্ধতিতে সংস্কার করা হয়েছিল। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে সুরমা নদীর বাঁধ সংস্কার কাজ চলায় ওই সড়কে মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়। উপজেলা প্রশাসনের নির্দেশনা ছিল—মাটি ভরাটের আগে রাস্তার ইট তুলে মাদরাসা মাঠে জমা রাখতে হবে। সেই অনুযায়ী কিছু ইট মাঠে রাখা হলেও বিপুল পরিমাণ ইট সরিয়ে ব্যক্তিগতভাবে আত্মসাতের অভিযোগ ওঠে।

এ ঘটনায় গত বুধবার এলাকাবাসীর পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, রাতের অন্ধকারে সড়ক থেকে প্রায় ১৫ লাখ ইট গায়েব করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রশাসনের টাস্কফোর্স অভিযান চালিয়ে কয়েক লাখ ইট উদ্ধারসহ ছয়জনকে আটক করে।

এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান বলেন, মাহফুজুল ইসলাম আমাদের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। বিষয়টি যেভাবে প্রচার হচ্ছে আসলে তা তেমন নয়। এটি একটি ভুল বোঝাবুঝি। তিনি ভালো উদ্যোগ নিতে চেয়েছিলেন, কিন্তু বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হচ্ছে।

এদিকে কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছত্তার মঈন জানান, চুরির অভিযোগের পর ইউএনও অভিযান চালিয়ে ইট উদ্ধার করেছেন। এর আগে বুধবার রাতে এলাকায় মাইকিং করে ইট ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। এরপর অনেকেই যোগাযোগ শুরু করেছেন।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আটক ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন, সরকারি সড়কের ইট চুরির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে। উদ্ধারকৃত ইট গণনার কাজ চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ