Views Bangladesh Logo

শাহজালালের ইডিকে হুমকি, জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার ভোরে বিমানবন্দর থানায় মামলাটি করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, সিভিল অ্যাভিয়েশনের এক নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বকে কেন্দ্র করে আখতারুজ্জামানের উচ্চবাচ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তাকে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে উদ্দেশ করে হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায়। এজাহারে তার বিরুদ্ধে ‘আমি কিন্তু পিটাবো’, ‘ঘাড় ধরে বের করে দেব’ এবং ‘মাইর খাইতে চান?’-এর মতো বক্তব্য দেওয়ার অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে বিজি-৩৩৮ ফ্লাইটে জামায়াতের ৩৪ জন প্রতিনিধি সপরিবারে মদিনা থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরে আগমনী যাত্রীর বাড়তি চাপ থাকায় ট্রলি সংগ্রহে দীর্ঘ লাইন তৈরি হয়। এ সময় কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভেঙে ট্রলি নেওয়ার চেষ্টা করেন।

পরে লাগেজ আসতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কয়েকজন উত্তেজিত হয়ে ‘অশোভন আচরণ’ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘটনাস্থলে ডেকে পাঠান। নির্বাহী পরিচালক সেখানে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার সময় আখতারুজ্জামান তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং রূঢ় ও অশালীন ভাষায় কথা বলেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, নির্বাহী পরিচালক অতিরিক্ত যাত্রীর চাপ ও ট্রলি ব্যবস্থাপনা সম্পর্কে বোঝানোর চেষ্টা করলেও আখতারুজ্জামান আরও উত্তেজিত হয়ে তাকে মারধর এবং ঘাড় ধরে বের করে দেওয়ার হুমকি দেন। পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় সংসদ সদস্য কামাল হোসেন নির্বাহী পরিচালককে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন।

পরে আখতারুজ্জামান উপস্থিত বিমানবন্দরকর্মীদের উদ্দেশে হুমকি দেন বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে। তিনি বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাট সম্পর্কেও অশালীন মন্তব্য করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এ সময় আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন প্রটোকল সহকারী ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলেও এজাহারে বলা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, বিমানবন্দরের কেপিআই এলাকায় ভিডিও ধারণ না করতে সংশ্লিষ্টদের নিষেধ করেন নিরাপত্তা সুপারভাইজার মোহাম্মদ কামাল উদ্দিন। এ সময় আখতারুজ্জামান তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, ওই মারধরের ঘটনা সিসিটিভির আওতাভুক্ত ছিল না। তবে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিষয়টি প্রমাণ করা সম্ভব বলে বাদী উল্লেখ করেছেন।

পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধি ঘটনাস্থলে গেলে তার সঙ্গেও আখতারুজ্জামান অশোভন ও মারমুখী আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় সাধারণ যাত্রীদের জন্য রাখা জমজমের পানির বোতল ট্রলি থেকে ছুড়ে ফেলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মামলার অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ