বাংলাদেশের রাজনীতিতে বিষফোঁড়া জামায়াত: আশরাফ কায়সার
বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘বিষফোঁড়া’ হিসেবে আখ্যায়িত করেছেন সাংবাদিক আশরাফ কায়সার। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, দলটির সঙ্গে ধর্মের প্রকৃত সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়েও আলোচনা হওয়া প্রয়োজন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন আশরাফ কায়সার।
টকশোতে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াত একটি ‘বিষফোঁড়া’। দলটি দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। তারা ধর্মভিত্তিক রাষ্ট্র ও নারীবিদ্বেষী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে।
তিনি আরও বলেন, পাকিস্তানে জামায়াতের ইতিহাস এবং দলটির প্রতিষ্ঠাকালীন নেতৃত্বের বক্তব্য পর্যালোচনা করলে তাদের রাজনৈতিক দর্শন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
ধর্মের সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলে আশরাফ কায়সার বলেন, ধর্মের সঙ্গে জামায়াতের আদৌ কোনো সম্পর্ক আছে কি না, এটি নিয়েও প্রশ্ন তোলা যায়।
দেশের ইতিহাস নিয়ে জামায়াত মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সামনে সুযোগ ছিল জামায়াতকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক বয়ান তৈরি করেছিল, তার বিকল্প বয়ান জনগণের সামনে উপস্থাপন করার। তবে বিএনপি সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।
মতামত দিন