Views Bangladesh Logo

তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠনে এবার জামায়াতের রিভিউ

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছে জামায়াতও।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের করা রিভিউ আবেদনটি বুধবার (২৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জমা দেন দলটির আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ১৬ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গত আগস্টে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রুলের বিরুদ্ধে পৃথকভাবে আরও দুটি রিভিউ আবেদন জানান।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রিভিউ দুটির শুনানি হবে বৃহস্পতিবার (২৪ অক্টোবর)। গত ২০ অক্টোবর আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবেদন এ দিন ধার্য করে দেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী ১৯৯৬ সালে জাতীয় সংসদে গৃহীত হয়। ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিমুল্লাহসহ তিন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে 'অবৈধ' ঘোষণা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন আপিল বিভাগ।

তবে তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সর্বোচ্চ আদালত রায়ে বলেছিলেন, ‘দশম ও একাদশ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিষয়ে সংসদে ঐকমত্যের ভিত্তিতে যেকোনো সিদ্ধান্ত নেওয়া যাবে’।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ