নীলফামারীর এসপি জাহিদুলের বহিষ্কার দাবি জামায়াতের
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকাসহ আটকের ঘটনায় নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলামের বহিষ্কার দাবি করেছে জামায়াতে ইসলামী।
বুধবার ( ১১ ফেব্রুয়ারী) রাতে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সৈয়দপুর বিমানবন্দরে সংঘটিত ঘটনা এবং এ সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। এটি উপস্থাপন করেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফ উদ্দিন খালেদ।
সাইফ উদ্দিন বলেন, সৈয়দপুর বিমানবন্দরের ঘটনায় মিডিয়া ট্রায়ালের আয়োজন করেন নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলাম। তিনি ভারতে পলাতক সাবেক ডিবিপ্রধান মনিরুল ইসলামের অন্যতম সহযোগী।
তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চার দিন আগে নীলফামারীর এসপি জাহিদুল ইসলামসহ আরও কয়েকজন পুলিশ সদস্য বিএনপির চেয়ারম্যানের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা আগেই বলেছিলেন, কোনো প্রার্থী বা এজেন্টের দেওয়া খাবার পুলিশ খেতে পারবে না।
বিমানবন্দরের ক্যামেরা ও স্ক্যানিং ভিডিওর অ্যাকসেস কার কাছে—এ প্রশ্ন তুলে সাইফ উদ্দিন খালেদ বলেন, কিছু গণমাধ্যমের ফেসবুক পেজে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে করা প্রতিবেদন টার্গেটেডভাবে বুস্ট করা হয়েছে।
তিনি দাবি করেন, ঢাকা বিমানবন্দর থেকে ছাড়পত্র দেওয়ার ৪৫ মিনিটের মধ্যে মিডিয়া ট্রায়ালের প্রস্তুতি নেওয়া হয় এবং এক ঘণ্টার মধ্যে একযোগে মূলধারার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। একই সঙ্গে ইন্টারনাল ফুটেজ ফাঁস করা হয়েছে। তার ভাষায়, “সবকিছুই ছিল পরিকল্পিত।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে