ডেপুটি স্পিকারের প্রস্তাব নাকচ জামায়াতের, জুলাই সনদ আলোচনার পর সিদ্ধান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ নিয়ে ক্ষমতাসীন দল বিএনপির প্রস্তাব আপাতত গ্রহণ করেনি বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, জাতীয় সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষ হওয়ার পর এ বিষয়ে দল চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি এ তথ্য জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকারের দেওয়া প্রস্তাব আমরা আপাতত গ্রহণ করছি না। জাতীয় সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষে ডেপুটি স্পিকারের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করা হবে।’
এর আগে গত ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক সমঝোতা বাস্তবায়নের উদ্যোগ নিতে চায় সরকার। এ লক্ষ্যে প্রধান বিরোধী দলকে ডেপুটি স্পিকারের দায়িত্ব দেওয়ার প্রস্তাব মৌখিকভাবে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, জুলাই সনদ ও গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হলে দল কেবল প্রতীকী বা অলংকারমূলকভাবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না।
তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকট মোকাবিলায় সৎ ও দক্ষ জনশক্তি প্রয়োজন এবং জাতীয় ঐক্য অটুট রাখা জরুরি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে