Views Bangladesh Logo

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন জামায়াত প্রার্থী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের সমর্থন পাওয়া জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যাপক মো. বেলাল উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. কফিল উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা শেষে দেলাওয়ার হোসেন বলেন, আসন্ন নির্বাচনে ভোটাররা তাকে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী। নির্বাচিত হলে ঠাকুরগাঁওকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এখন পর্যন্ত মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর নির্ধারিত প্রক্রিয়া শেষে আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ