কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা
কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দুটি মামলায় জরিমানা ও অনাদায়ে কারাদণ্ডের আদেশ দিয়েছেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুল হাই।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রায়ে বলা হয়, আমির হামজাকে প্রতি মামলা ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে প্রতি মামলা ৩ দিন করে মোট ৬ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম এই জরিমানা পরিশোধ করেন।
কুষ্টিয়ার ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামের রাশেদ আহমেদ ৮ ফেব্রুয়ারি আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দুটি অভিযোগ করেন। আদালতের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
রায়ে বলা হয়েছে, কুষ্টিয়া মডেল থানার মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড় ও থানা মোড়সহ অন্যান্য নির্বাচনি এলাকায় সরেজমিনে পরিদর্শন করে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সংক্ষিপ্ত আদালত পরিচালনা করা হয়েছে। তদন্তকালে দেখা যায়, আমির হামজার নির্বাচনী ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ উল্লেখ নেই। পরে তার আইনজীবী উপস্থিত হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং এ ভুল স্বীকার করেন।
মামলার রায়ে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী সকল বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলতে হবে।
রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী রাশেদ আহমেদ বলেন, রায়ে আমি সন্তুষ্ট, তবে রায় এখনও পুরোপুরি কার্যকর করা হয়নি। এসব ব্যানার ও পোস্টার এখনও আছে। আমরা এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে