টাকাসহ বিমানবন্দরে জামায়াত আমির আটক ‘বিচ্ছিন্ন ঘটনা নয়’: মাহদী আমিন
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও দলের নির্বাচনী মুখপাত্র মাহদী আমিন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
মাহদী আমিন বলেন, অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক হয়েছেন। যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে একটি জেলার সর্বোচ্চ নেতা এই বিপুল পরিমাণ টাকা কী উদ্দেশ্যে বহন করেছেন, প্রশ্ন আসছে।
তিনি আরও যোগ করেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও কী কারণে এতগুলো টাকা বহন, তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। সৈয়দপুর বিমানবন্দরের কাণ্ডকে বিচ্ছিন্ন বলার সুযোগ নেই।
আচরণবিধির এই স্পষ্ট লঙ্ঘন গণবিচ্ছিন্ন দলটির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের প্রমাণ বহন করে বলেও মন্তব্য করেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। তিনি বলেন, বিকাশ নম্বর সংগ্রহ করে আর্থিক প্রলোভন দেয়ার প্রক্রিয়া এবং জান্নাতের টিকিট বিক্রির বিষয়টি সাধারণ ভোটাররা প্রত্যাখ্যান করেছে।
এ সময় মাহদী আমিন অভিযোগ করেন, বিএনপির জনপ্রিয়তায় একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে