প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন জামায়াতে ইসলামীর আমির
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবারের মতো পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ বেদিতে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন জামায়াত আমিরসহ ১১ দলের সংসদ সদস্যরা।
রাত ১২টা ১ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান জামায়াত আমিরের নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। ১২টা ১০ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত, এটিএম আজহারসহ জোটের অন্যান্য নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
জানা গেছে, আগে কখনো জামায়াতের পক্ষ থেকে এভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ফুল দেওয়া হয়নি; এবারই প্রথমবার দলীয়ভাবে শ্রদ্ধা নিবেদন করা হলো।
একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। ভাষা শহীদদের স্মরণে দিবসটি রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে