বিচারের নামে হত্যা: শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জামায়াত আমিরের অভিযোগ
জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার(২৭মে) এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ‘সাজানো মামলার’ মাধ্যমে দলটির শীর্ষ ছয় নেতাকে ‘বিচারিক হত্যাকাণ্ডে’ হত্যার অভিযোগ তুলেছেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব নেতার বিচার প্রক্রিয়ায় নানা অনিয়ম ও জালিয়াতি হয়েছে। শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে আমাদের শীর্ষ ছয় নেতাকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। আরও বহু নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। ২০২৪ সালের গণআন্দোলনের সময়ও অনেক মানুষকে নির্মমভাবে শহীদ করা হয়েছে।
তিনি বলেন, ন্যায়বিচারের দাবি বারবার উপেক্ষিত হয়েছে, কারণ প্রকৃত উদ্দেশ্য ছিল জামায়াতের নেতৃত্বকে নিশ্চিহ্ন করা। বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ডা. শফিক আরও অভিযোগ করে বলেন, জামায়াত নেতাদের তথাকথিত ‘সেইফ হোমে’ রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে এবং মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। অনেক নেতার কাছ থেকে জোর করে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা অটল থেকেছেন, নতি স্বীকার করেননি।
প্রত্যক্ষদর্শী সাক্ষী সুখরঞ্জন বালির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের পক্ষে সাক্ষ্য দেওয়ার পর বালিকে আদালত প্রাঙ্গণ থেকেই অপহরণ করা হয়। আন্তর্জাতিক মানদণ্ড উপেক্ষা করে বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করা হয়েছে আমরা একে বলি ‘গণহত্যার বিচারের নামে হত্যা।
তিনি বলেন, জামায়াত যদি দেশ পরিচালনার সুযোগ পায়, তবে প্রতিশোধের রাজনীতির অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক ও সমতা নির্ভর সমাজ গঠনে কাজ করবে। আমাদের শীর্ষ নেতারা আজ বেঁচে থাকলে, এই সংকটময় সময়ে জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে